চুয়াডাঙ্গার বারাদী সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা বারাদী বিওপির পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত সমর হালদার (২৭) দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা চারটি স্বর্ণের বারের মোট ওজন ৪৫২ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এ সময় একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাঁচ কবর এলাকায় অবস্থান নেয়। এ সময় সমর হালদার বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
পরে দুইজন বেসামরিক সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

