মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
ইয়াবাসহ আটক দুজন হলেন— শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় মুলনা গ্রামের কালাম মাদবর (৩৫) ও একই উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামের সোহাগ বেপারী (৪০)।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল পৌনে ১০টার দিকে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) আতাউলের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে ২২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

