মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বাধ প্রদান, পুলিশকে গালাগালি ও হুমকি প্রদানের ঘটনায় ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- হরিরামপুরের গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।
শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গালা ইউনিয়নের কালোই গ্রামের আব্দুল বাতেনের বাড়িতে মাদক থাকার খবর পেয়ে ফোর্সসহ মাদকবিরোধী অভিযান শুরু করে উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী। তবে অভিযান শুরু হতেই আব্দুল বাতেনের আপন ভাই ইউপি সদস্য মো. আলী হোসেন উপপরিদর্শক অভিজিৎকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করেন।
কয়েক মিনিট পরেই কয়েকটি মোটরসাইকেলযোগে সাত-আটজন সহযোগীসহ ঘটনাস্থলে পৌছে এসআই অভিজিৎ চৌধুরীকে হুমকি দেয় আলী হোসেন। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটলে মাদক ব্যবসায়ী আব্দুল বাতেন পালিয়ে যায় এবং অভিযান অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে বাধ্য হয় পুলিশসদস্যরা।
পুলিশ জানায়, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তার ভাই আব্দুল বাতেনের বিরুদ্ধে ১০-১২ টি মাদকের মামলা রয়েছে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধন) আইনে শুক্রবার রাতে হরিরামপুর থানায় মামলা দায়ের করেন এসআই অভিজিৎ চৌধুরী। পরে রাতেই অভিযান চালিয়ে ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মো. আলী হোসেন ও মো. আতাহার গাজীকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, হরিরামপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। অন্যায়কারী যেই হোক, কোন ছাড় দেয়া হবেনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

