AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লোকগবেষণার কাজে ব্যবহৃত দৃষ্টিনন্দন নৌকা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
১০:৫৫ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

লোকগবেষণার কাজে ব্যবহৃত দৃষ্টিনন্দন নৌকা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

সুনামগঞ্জে লোকগবেষণার কাজে ব্যবহৃত দুলন চৌধুরীর একটি দৃষ্টিনন্দন নৌকা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। নৌকাটি বাউল ও লোকসংস্কৃতির গীতিকার, শিল্পী ও গবেষকদের ব্যবহৃত হতো। বাউল সম্রাট শাহ আবদুল করিমের গ্রাম উজানধলে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। তবে এখনো অপরাধীদের গ্রেপ্তার করা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

উজানধল গ্রামের বাসিন্দা ও ভাটিবাংলা বাউল ও গবেষণা কেন্দ্রের (ভাবাবেগ) সাধারণ সম্পাদক দুলন চৌধুরী জানান, “এটি একটি গভীর ষড়যন্ত্রমূলক অপরাধ। আমাদের শিকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করে বাউল ও লোকগান। নৌকাটি পুড়িয়ে দিয়ে তারা আমার হৃদয়ে আঘাত করেছে। এই নৌকাটি কখনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।” তিনি বলেন, “বাউলশিল্পী, লোকগবেষক ও সংস্কৃতিপ্রিয় মানুষের কল্যাণে এটি ব্যবহৃত হয়ে আসছিল। যারা আমাদের সংস্কৃতির বিরোধিতা করে, তারাই এ কাজ করেছে।”

জানা গেছে, সোমবার রাতে নৌকাটি ঘাটে বাঁধা ছিল। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এতে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয়রা জানান, পাশেই শাহ আবদুল করিমের বাড়ি হওয়ায় বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিরা নৌকাটি ব্যবহার করতেন। স্থাপত্যবিদ, লোকগবেষক ও নাট্যকার শাকুর মজিদ এই নৌকা ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান কভার করেছেন। এ নৌকাতেই বসে প্রবীণ বাউলশিল্পী রণেশ ঠাকুর, শাহ আবদুল তোয়াহেদ, সিরাজ উদ্দিন, হারুন মিয়া, শাহীনুর আলম সরকার, হরিপদ দাস, শৈলেন দাস, জুঁই ঠাকুর, সুয়েব মিয়াসহ অনেক বাউলশিল্পী গান পরিবেশন করতেন।

স্থানীয় তরুণ বিপ্র তালুকদার বাবু বলেন, “হাওর অধ্যুষিত অঞ্চল দিরাই লোকসংস্কৃতির প্রাণ। দেশের শিল্পসংস্কৃতির কথা বলতে গেলে প্রথমেই আমাদের লোকসংস্কৃতি ও বাউল জগতের কথা আসে। এটিকে সমৃদ্ধ করতেই দুলন চৌধুরী এমন উদ্যোগ নিয়েছিলেন।”

তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ বলেন, এই নৌকাটি লোকসংস্কৃতি ও বাউলপ্রেমী মানুষেরা বেশি ব্যবহার করতেন। যারা এসব পছন্দ করে না, তারাই এ জঘন্য কাজটি করেছে।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দুলন চৌধুরী বলেন, “আমি ধারণা করতে পারছি কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে নাম বলব না। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করবে বলে আশা করি।”

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!