AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায়



উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায়

উপকূলীয় পরিবেশ রক্ষা ও বনায়ন জোরদারে তালগাছের চাষ সম্প্রসারণে মোংলায় তাল চারা উৎপাদন ও নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মিলনায়তন সম্মেলন কক্ষে ‘আশার আলো সেবা ফাউন্ডেশন’-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. জহিরুল আলম।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ম্যানগ্রোভ সিলভিকালচার কর্মকর্তা মো. নাজমুল আহছান ভূঁইয়া, ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের কর্মকর্তা শেখ মো. মেহেদী হাসান, আশার আলো সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান আশরাফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক কাজী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলে তালগাছের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভূমিক্ষয় রোধ, ঝড়-জলোচ্ছ্বাসে প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টিতে এ গাছ কার্যকর।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল আলম বলেন, “তালগাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। পরিকল্পিতভাবে তাল চাষ বাড়াতে পারলে তা দীর্ঘমেয়াদে বড় সম্পদে পরিণত হবে।”

বিশেষ অতিথি মো. নাজমুল আহছান ভূঁইয়া বলেন, “তালগাছের প্রতিটি অংশই অর্থনৈতিকভাবে মূল্যবান। এর ফল, পাতা ও রস স্থানীয় মানুষের আয় বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা জরুরি।”

প্রশিক্ষণে তাল চারা উৎপাদন, রোপণ পদ্ধতি, পরিচর্যা, পাতা ও ফল সংগ্রহ এবং তাল রস থেকে গুড় উৎপাদনের কৌশল নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে এ জ্ঞান কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উপকূলীয় এলাকায় তালগাছের আবাদ বাড়ানো সম্ভব হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!