সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং লালমনিরহাটে আরও চারটি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানান তিনি।
গ্রেপ্তারের পর তাকে লালমনিরহাটে নেওয়া হচ্ছে। সেখানে দায়ের হওয়া মামলাগুলোর একটিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

