দীর্ঘদিন ধরে অবহেলিত ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছে মোংলা পোর্ট পৌরসভা-এর ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শামসুর রহমান সড়কের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়ায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং স্বাস্থ্যঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে একতা সোসাইটি মংলা। সংগঠনটির উদ্যোগে স্থানীয় বাসিন্দা, ছাত্র ও যুব সমাজকে সঙ্গে নিয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
একতা সোসাইটি মোংলার এক প্রতিনিধি হুসাইন আল হাদি বলেন: “আমরা শুধু সমস্যার কথা বলেই থেমে থাকতে চাই না। নিজেরা উদ্যোগ নিয়ে কাজ করলে অন্তত কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। এই কার্যক্রমের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই।”
একজন স্থানীয় বাসিন্দা মোঃ কাসেম বলেন: “ড্রেনগুলো এতটাই নোংরা হয়ে গিয়েছিল যে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। এখন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছুটা হলেও উপকার পাচ্ছি। তবে স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি।”
একজন শিক্ষার্থী হিমেল বলেন:“আমরা তরুণরা যদি এগিয়ে না আসি, তাহলে সমাজের এই সমস্যাগুলো কখনোই দূর হবে না। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সংগঠনের পক্ষ থেকে মোংলাবাসীসহ বিশেষ করে ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে— “আসুন মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ।” এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী সমাধানে এগিয়ে আসবে এবং স্বাভাবিক জনজীবন ফিরে আসবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

