AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক



মোংলায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটের মোংলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—কুব্বত শেখ (৬২), পিতা মৃত আছালাত শেখ এবং তার স্ত্রী নাসিমা বেগম (৫৪)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার ওসি (তদন্ত) মানিকের নেতৃত্বে সেকেন্ড অফিসার মিরাজ, এসআই রফিকসহ একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আটক এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা গোপনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মাদক সরবরাহ করতেন। বিশেষ করে স্থানীয় কিশোর ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছেও নিয়মিত মাদক বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের প্রভাব ও ভয়ের কারণে এতদিন এলাকাবাসী প্রকাশ্যে কোনো অভিযোগ করতে সাহস পাননি।

এলাকাবাসীর দাবি, এই দম্পতির পেছনে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা মোংলা উপজেলায় মাদকের সরবরাহ ও বণ্টন নিয়ন্ত্রণ করে আসছে। দ্রুত ওই সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান শাহীন বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে বা মাদকের তথ্য জানলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আমরা সব তথ্য গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি মোংলা উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!