যশোরের কেশবপুর উপজেলায় ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি অবৈধ কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র্যাব-৬ যশোর । অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি ঘোষপাড়া এলাকায় এই অভিযানে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় অপু ঘোষকে ২ লাখ টাকা এবং গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বাড়ি একই গ্রামের ভেরচি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জেলি, ভোজ্য তেল এবং বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে দুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল ও কেমিক্যাল জব্দ করা হয়। পরে সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
যশোর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

