গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখলকৃত একটি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার( ০৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করা হয়।
জানা গেছে, ফারুক শেখ, ইউছুপ শেখ, মিলন ফকির, মিজান শেখ ও সামচুল শেখসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে খালটি দখল করে রেখেছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করে।
তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবন ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানান।
এদিকে খাল দখলের বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, খালটির বিভিন্ন স্থানে এখনো দখল রয়েছে। এটি সম্পূর্ণ দখলমুক্ত করে খননের দাবি জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, “এটি একটি প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে খালটি দখল করে নিয়েছিল। খালটি দখল বা ভরাট হলে এলাকার ৭-৮টি গ্রামের কৃষিকাজ ব্যাহত হবে। তাই আজ অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান উপজেলা জুড়ে আগামীতেও অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

