AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাসিকে হাম প্রতিরোধে ৩০ ওয়ার্ডে লিফলেট বিতরণ শুরু


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:১৮ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

রাসিকে হাম প্রতিরোধে ৩০ ওয়ার্ডে লিফলেট বিতরণ শুরু

সারাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মহানগরবাসীকে সচেতন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর প্রতিটি ঘরে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনার আলোকে শুক্রবার (৩ এপ্রিল) থেকে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার বিষয়ে অবহিত করা হচ্ছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। মহানগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

শুক্রবার সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন।

ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার থেকেই ৩০টি ওয়ার্ডে একযোগে কার্যক্রম চালু হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করছেন।

তিনি আরও বলেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। ৯ মাস থেকে ১৮ মাস বয়সী শিশুকে দুই ডোজ হাম ও রুবেলা টিকা প্রদান করলে এ রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ টিকা দিতে হবে। এছাড়া জন্মের পর প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে এসব টিকা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাক্কার কিনু, সিটি হাসপাতালের ডা. মোঃ তারিকুল ইসলাম, ডা. নাসরুল্লাহ দেওয়ান, ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন, ডা. তামান্না বাসার, ডা. উম্মুল খায়ের ফাতিমা এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!