ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা, চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে, শুক্রবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড ও নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ইউসুফ আলী (৪৫), তার স্ত্রী শিল্পী বেগম (৪০), আরিফ হোসেন রাজু (২৬) ও বিদ্যুৎ সরকার (৪০)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ইউসুফ আলী ও শিল্পী বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। একই স্থান থেকে আরিফ হোসেন রাজুকে মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।
পরে ভোরের দিকে নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে বিদ্যুৎ সরকারকে ৫১টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ইউসুফ আলীর বিরুদ্ধে পাঁচটি এবং বিদ্যুৎ সরকারের বিরুদ্ধেও পাঁচটি মামলা রয়েছে।
ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, মাদক নির্মূলের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

