গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে অ্যাডভোকেট কাকলি মৃধাকে দেখতে চেয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে। এ দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও সমর্থকরা কাকলি মৃধার পক্ষে পোস্ট, মন্তব্য ও শেয়ার করে সমর্থন জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি এ আসনের জন্য একজন যোগ্য প্রার্থী।
স্থানীয়দের দাবি, কাকলি মৃধা এলাকায় নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ফলে সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তাদের প্রত্যাশা।
এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার দিক থেকে কাকলি মৃধা এগিয়ে থাকায় তাকে ঘিরে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই প্রচারণা শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়। স্থানীয় জনগণের একাংশের দৃঢ় প্রত্যাশা—সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে অ্যাডভোকেট কাকলি মৃধার মনোনয়ন নিশ্চিত করা হোক।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

