রাজশাহীর তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাড়ির আঙিনায় বাড়তি দামে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেলে তানোর পৌরসভার তালন্দ গ্রামে অভিযান চালিয়ে তেল ব্যবসায়ী আমিনুলের বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমিনুল অবৈধভাবে তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। বিশেষ করে সাম্প্রতিক তেল সংকটের সুযোগ নিয়ে তিনি দোকান বন্ধ রেখে বাড়ির আঙিনায় পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করতেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তার বাড়ি থেকে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
একই দিন বিকেলে চৌবাড়িয়া বাজারের ‘আরাফাত ট্রেডিং’ নামক একটি তেলের দোকানেও অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

