চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বখতিয়ার হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আলমডাঙ্গা সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বখতিয়ার হোসেন উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পাওয়ার লক্ষ্যে ফুয়েল কার্ড বিতরণ চলছিল। এ সময় সোনালী ব্যাংকের সামনে শত শত কৃষক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বখতিয়ার হোসেনও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরম ও ভিড়ের কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, ফুয়েল কার্ড বিতরণে আরও সুশৃঙ্খল ব্যবস্থা থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো। বিশেষ করে বয়স্কদের জন্য আলাদা লাইন বা বসার ব্যবস্থা রাখার দাবি জানান তারা।
নিহতের চাচাতো ভাই আবুল হোসেন বলেন, “সকালে লাইনে দাঁড়ানোর পর প্রচণ্ড ভিড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ ইতোমধ্যে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

