পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার হরিদেবপুর এলাকায় রঞ্জু হাওলাদার বাড়ির লোকজনের সঙ্গে সংঘটিত হয়। জানা যায়, সকালে জমিতে কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জামাল আকন, মমিন আকন, নূরুল আমিন আকন, নূরুল হক আকন, বশির আকন, হারুন আকন, শিপলু আকনসহ আরও ২০-৩০ জন পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়।
এতে গুরুতর আহত হন নাজমুল হক হাওলাদার, মন্নান ফকির, মোসারেফ হোসেন হাওলাদার ও মিলন হাওলাদার। তাদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জেসমিন বেগম, আকলিমা বেগম, সানজিদা আক্তারসহ আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গুরুতর আহত নাজমুল হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তা এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

