নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে খুচরা বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৭টার দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান রামপুর বাজারের ‘কৃষি-সাথী’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুত করে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় তার গুদামঘর থেকে ড্রামে মজুত রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সরকার নির্ধারিত মূল্যে নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, “প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

