গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রবীণ সমাজসেবী কানন বালা ঠাকুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের প্রয়াত নেতা কার্তিক চন্দ্র ঠাকুরের সহধর্মিণী এবং বিএনপি নেতা রানা ঠাকুরের মা।
পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
১৯৫০ সালের ১১ আগস্ট মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের আচারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কানন বালা ঠাকুর। শৈশব থেকেই তিনি মানবিক গুণাবলি ও সহানুভূতিশীল মনোভাবের জন্য পরিচিত ছিলেন। পরবর্তীতে একটি রাজনৈতিক পরিবারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।
স্বামী কার্তিক চন্দ্র ঠাকুরের রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি নীরবে সহায়ক ভূমিকা পালন করেন। পাশাপাশি এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর এই মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
কানন বালা ঠাকুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

