নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের এক চালক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে বনপাড়া–হাটিকুমারুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড়সংলগ্ন পারকোল বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাগর (৩০)। তাঁর বাড়ি মেহেরপুর জেলায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঢাকাগামী একটি ট্রাক পারকোল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

