বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। যতদিন আমরা মানুষের পাশে থাকতে পারবো, ততদিনই আমাদের রাজনীতি অর্থবহ হবে। বিশেষ করে ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”
বৃহস্পতিবার (১৯ মার্চ) পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ উপলক্ষে ত্রাণ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, "বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। নির্বাচনের মাত্র এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি রক্ষা করে আজকে আপনাদের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, " আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপিকে। যার ফল এখন আপনারা পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। আমরা ১৭ বছর আগে রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুরু করেছিলাম। কিন্তু এ ১৭ বছরে সে কাজ থমকে ছিলো। থমকে যাওয়া কাজ আমরা পুনরায় শুরু করবো।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

