মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দীর্ঘ এক যুগ পলাতক থাকার পর ২২ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জসীমউদ্দিন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ।
গ্রেফতারকৃত জসীমউদ্দিন উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ জানায়, জসীমউদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি জিআর সাজা ওয়ারেন্ট, দুটি সিআর সাজা ওয়ারেন্ট, দুটি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্ট দীর্ঘদিন ধরে মুলতবি ছিল। গ্রেফতার এড়াতে তিনি প্রায় এক যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

