ঈদ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের জন্য ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে প্রকৃত উপকারভোগীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে পাইকেরছড়া ইউনিয়নে মোট ৫ হাজার ৬০০ জন দরিদ্র ও অসহায় মানুষের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণের কথা ছিল। সে অনুযায়ী তিন দিনব্যাপী চাউল বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।
কিন্তু (১৬ মার্চ সোমবার)শেষ দিনের বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন উপকারভোগী ও স্থানীয় বাসিন্দা। তাদের দাবি, বিতরণের শেষ দিকে কিছু চাউল ব্যবসায়ী অটোরিকশা যোগে বস্তা ভর্তি করে কয়েকশ কেজি চাউল নিয়ে যেতে দেখা যায়।
এ ঘটনায় প্রকৃত উপকারভোগীদের একটি অংশ চাউল না পেয়েই বাড়ি ফিরতে বাধ্য হন।
এ বিষয়ে অভিযোগ করে স্লিপ হাতে থাকা অন্তত ১৭ জন অসহায় ব্যক্তি জানান, তাদের নামে বরাদ্দ থাকা সত্ত্বেও তারা চাউল পাননি। তারা বলেন, “আমরা স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু শেষে এসে বলা হয় চাউল শেষ হয়ে গেছে।”
এ ঘটনায় ৭ নং ওয়ার্ডের (নাম প্রকাশে অনিচ্ছুক)বলেন চাউল না পেয়ে কয়েক জন ভুক্তভোগী আমাকে জানালে আমি এসে দেখি কয়েজন লোক (৯০থেকে ১০০ কেজি)বস্তা ভর্তি করে অটোরিকশায় উঠাচ্ছে, কিন্তু অন্তত ১৭ জন স্লিপ নিয়ে চাউল না পেয়ে খালি হাতে ফিরে যায়।
তবে স্থানীয়দের দাবি, বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি। তারা বলেন, ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা যদি সঠিকভাবে বিতরণ না হয়, তাহলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়।
এই বিষয়ে জানতে চাইলে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, “বস্তায় চাউল কম থাকায় কিছুটা ঘাটতি হয়েছে।পিআইও সাহেবের সাথে কথা বলে যারা পায়নি তাদের বিষয়ে ব্যবস্থা করা হবে।
আর কে বা কারা বস্তা ভর্তি করে চাউল নিয়ে গেছে সে বিষয়ে আমার জানা নেই।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

