নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) নিয়মিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস কর্মকর্তা এসআই (নিঃ) মো. জয়নুল আবেদীন, এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেন।
এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি মাসে ২০টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া মোট ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১৬ মার্চ) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার করা বিভিন্ন মডেলের ২০টি স্মার্টফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন।
এ সময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এসব ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, মোবাইল ফোন ও টাকা খোয়া যাওয়ার পর তারা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

