কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টুর ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের শিবপুর ও মৌটুপীসহ বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১২০০ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় উপজেলার মৌটুপী শিকদার রোড সংলগ্ন মাজেদুল ইসলাম মন্টুর কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই রাজনীতির মূল লক্ষ্য। মাজেদুল ইসলাম মন্টু যেভাবে নিজস্ব অর্থায়নে ইউনিয়নের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবানরা এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ালে অভাবী মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
সভাপতির বক্তব্যে মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু বলেন, “আমার প্রিয় নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপির অনুপ্রেরণায় এবং দলের নির্দেশনায় আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি, জাসাস সভাপতি দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সজিব ভূঁইয়া ও শরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফাহিম সরকার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি নিজ হাতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। প্রায় ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

