ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের একটি জুতার কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, হবিরবাড়ী ইউনিয়নে অবস্থিত গ্লোবাল সুজ নামের একটি জুতার কারখানায় বৃহস্পতিবার ইফতারের আয়োজন করা হয়। সেখানে কারখানার অফিস স্টাফদের জন্য আলাদাভাবে মোরগ পোলাওয়ের ব্যবস্থা করা হলেও শ্রমিকদের জন্য পরিবেশন করা হয় হলুদ রঙের বিরিয়ানি, যা অনেকের মতে বাসি ও পচা ছিল।
শ্রমিকরা জানান, ইফতারের সময় বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকের পেটব্যথা, বমি ও শারীরিক অসুস্থতা দেখা দিতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন শ্রমিক তীব্র বমি, পেটের পীড়া এবং খিচুনিতে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
প্রথমে অসুস্থ শ্রমিকদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় অন্তত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

