চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি স্ক্যাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত রায়পুর ইউনিয়নের সরেঙ্গার বাইন্যারদিঘী এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দ করা স্ক্যাভেটরটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাইন্যারদিঘীসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাতের অন্ধকারে কৃষিজমি ও জলাশয় থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এতে এলাকার কৃষিজমি, খাল-বিল ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল।
সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করলে অবৈধ মাটিকাটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

