মুন্সিগঞ্জে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গত ৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
কারণ দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন—মোতাহার হোসেন, যুগ্ম আহ্বায়ক, শ্রীনগর উপজেলা যুবদল; আরিফ হোসেন বাবু মোল্লা, সদস্য, শ্রীনগর উপজেলা যুবদল; এবং অনিক ইসলাম অভি, সদস্য, শ্রীনগর উপজেলা যুবদল।
পত্রে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় পরিচয় ব্যবহার করে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উত্থাপিত হয়েছে।
এমতাবস্থায়, সংগঠনবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ দুপুর ১২টা ২৮ মিনিটে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় সরকারি খাল দখল করে তার ওপর বালু মজুদ, অবৈধ ব্যবসা পরিচালনা এবং খালে টিউবওয়েল স্থাপন করে অবৈধ ড্রেজিংয়ের জন্য পানি সরবরাহের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক জুবায়ের।
এ সময় অভিযুক্ত অনিক নামে এক ব্যক্তি তাকে সরাসরি এবং মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, হুমকির একপর্যায়ে অভিযুক্ত বলেন, “আমরা সরকার দলের রাজনীতি করি। তোকে থানায় নিয়ে বেঁধে রাখব, দেখব তুই কত বড় সাংবাদিক।”
এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

