মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনায় এজাহারনামীয় আরও একজনকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ রাত ভোররাতের ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে জাহাঙ্গীর (৩০) পিতা- জাবেদ, বাড়ি- সাতঘড়িয়া (বাদল খানের বাড়ির ভাড়াটিয়া), ইউনিয়ন- হলদিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জকে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে ৫ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে গ্রেফতার করা হয়।
এ পর্যন্ত এই মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আগে গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। তাঁদের সবার বাড়ি লৌহজং উপজেলায়।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, বুধবার ভোররাত আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে সাগর (২৫) ও ছানারুল (২০) নামের দুজনকে চুরির অভিযোগে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহত সানারুলের মা রোকসানা বেগম লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জনকে এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

