খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী বলেছেন, হাফেজ কাজী জামাল আহমদ ছিলেন একাধারে ইমাম, সংগঠক ও প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর চিন্তা, নৈতিকতা, আত্মত্যাগ ও কর্মের বহুমাত্রিক দিক আজও সমানভাবে প্রাসঙ্গিক।
স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে নাস্তিক্যবাদবিরোধী আন্দোলনসহ ইসলামবিরোধী সব তাগুতি শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠ। অনৈসলামিক কার্যকলাপ, কুফর-শিরক ও বিদআতসহ সব ধরনের অন্যায়-জুলুমের বিরুদ্ধে ইসলামের পক্ষে তিনি ছিলেন আপসহীন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তিনি ছিলেন খেলাফত মজলিসের একনিষ্ঠ কর্মী।
রোববার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল বাইতুল আমান জামে মসজিদের সাবেক খতিব মরহুম হাফেজ কাজী জামাল আহমদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে কালিঘাট রোডস্থ বাইতুল আমান জামে মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম হাফেজ কাজী জামাল আহমদ (রহ.) বাইতুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।
খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি এম এ রহিম নোমানী, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইউসুফ, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শাহীন আহমদ এবং খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মতিন, ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাকিব আহমদ, খেলাফত মজলিস আশিদ্রোন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাসুক আহমদ, শ্রীমঙ্গল পৌর ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, শ্রমিক মজলিসের মাসুদ রানা প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মসজিদ কমিটি ও খেলাফত মজলিসের যৌথ আয়োজনে ইফতারের ব্যবস্থা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

