মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজা মাহমুদের মা হুরুন নাহার রশীদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার(১ মার্চ) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ তিনি ইন্তেকাল করেন। তিনি সাবেক মরহুম মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নু-এর স্ত্রী। ইতিপূর্বে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হুরুন নাহার রশীদ।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে গেছেন। তাঁর বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। তিনি দীর্ঘদিন মানিকগঞ্জ জেলা বিএনপির দুইবারের সভাপতি এবং বর্তমানে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। ছোট মেয়ে ফিরোজা মাহমুদ ‘আমার দেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক। হুরুন নাহার রশীদ ১৯৫৫ সালে মুন্নুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীসহ সকলকে জানাজায় শরিক হয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।
মরহুমার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

