জামালপুরের সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে চোরচক্রের হামলায় মালিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু ফসলি মাঠে পাওয়া গেলেও অন্যটির সন্ধান মেলে মাদারগঞ্জ উপজেলার ডাকাতিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়িতে।
বুধবার সকালে আনোয়ার হোসেন স্থানীয়দের নিয়ে গরু উদ্ধার করতে সেখানে গেলে অভিযোগ রয়েছে, বাড়িতে প্রবেশের পরপরই একদল ব্যক্তি প্রধান ফটক বন্ধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপ ও মারধরে আনোয়ার হোসেনসহ ১২ জন রক্তাক্ত জখম হন।
আহতরা হলেন— আনোয়ার হোসেন (৫০), জুলফিকার (১৯), রনি মিয়া (৪৪), শিপন মিয়া (৪২), লিটন মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৬), সজীব মিয়া (২৩), হৃদয় (১৬), রাকিব মিয়া (২৮), রুবেল মিয়া (৩২), আব্দুস সালাম ফকির (৪৭) ও শফিকুল ফকির (৪৮)।
পরিস্থিতি বেগতিক দেখে আদারভিটা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গরুসহ নিরাপদে নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়।
আহত আনোয়ার হোসেন বলেন, “গরুটি রোজাদারদের ইফতারের জন্য মানত করেছিলাম। আগামী শুক্রবার জবাই করার কথা ছিল। এলাকাবাসী আমাদের জীবন ও গরু দুটোই রক্ষা করেছেন।”
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

