গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন যাত্রী। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার নামক স্থানে শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০)। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে। অপরজন অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। তিনি গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকার নারায়ণ চন্দ্রের ছেলে।
দুর্ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক যানটি শনাক্ত ও আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।”
বর্তমানে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

