চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে এবং একই সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রায়পুর হাইস্কুল মাঠে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আমির হামজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিন তাঁর বক্তব্যে রায়পুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় ইউনিয়নবাসীর পক্ষ হতে বিভিন্ন রাস্তাঘাটসহ উন্নয়নমূলক দাবি তুলে ধরা হলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমি বৈঠক করেছি। পূর্বে কাজের ক্ষেত্রে কমিশন নেওয়ার অভিযোগ ছিল উল্লেখ করে তিনি জানান, আমার কোনো কমিশন প্রয়োজন নেই। সততা ও স্বচ্ছতার সঙ্গে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে চাই।
জনগণের প্রাপ্য সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ায় আমার প্রধান লক্ষ। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক কাজে কোনো বাঁধা সহ্য করা হবে না। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন খাতে সমন্বিতভাবে কাজ করে চুয়াডাঙ্গা জেলাকে নতুনভাবে গড়ে তোলাই আমার লক্ষ্য। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা তারবিয়াতি সেক্রেটারি মো. জিয়াউর রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হযরত মাওলানা হাফিজুর রহমান, মো. সাজেদুর রহমান, জীবননগর উপজেলা আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

