সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

