পরিবহন মাফিয়াদের আনুকূল্য পেতে নতুন সড়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের সামিল বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচারের সময়ে পরিবহন খাতে চাঁদাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছেছিল। কতিপয় পরিবহন মালিক-শ্রমিক নেতা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন; অনেকে শত শত বাসের মালিক হয়েছেন। পুলিশের কিছু অসাধু কর্মকর্তাও এ চাঁদাবাজি ও নৈরাজ্যের সঙ্গে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পায়নি।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তে ভেজা সদ্য ভূমিষ্ঠ জনগণের জনপ্রিয় দল বিএনপির সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে। পরিবহনে চাঁদাবাজির কারণে নিম্ন আয়ের মানুষের বাসভাড়া বেড়ে যাচ্ছে এবং পণ্যমূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারকেও বিব্রত করছে।
যাত্রী কল্যাণ সমিতির মতে, বিএনপি একটি গণমানুষের দল; তাদের পরিবহন মাফিয়াদের আনুকূল্যের প্রয়োজন আছে বলে তারা মনে করে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

