মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নীরবে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। পরে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কালাই সাংবাদিক পরিষদ ও কালাই প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সর্বস্তরের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচিতে।
শহীদ মিনার প্রাঙ্গণে এ সময় নীরবতা, শোক ও গর্বের এক অনন্য আবহ সৃষ্টি হয়। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও সঠিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি আত্মপরিচয়ের এক দৃঢ় ভিত্তি অর্জন করে, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালাইয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করে। এভাবেই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের মধ্য দিয়ে কালাইবাসী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

