স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রুপে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে বলে জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল।
শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষকে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রূপে পূরণ হবে।
তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও আমাদের সমান ভাবে দায়ভার রয়েছে। সকল প্রতিহিংসার উর্ধ্বে উঠে, সকল বিদ্ধেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সকল পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো।
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জনগণের দীর্ঘ দিনের দাবির প্রতি একাত্ত্বতা পোষণ করে বলেন, আপনারা দোয়া করবেন। যাতে দ্রুত মেডিকেল কলেজ নরসিংদীতে করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে।
নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতাল সহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে ২টি আইসিও ইউনিটের ব্যবস্থা করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

