মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমাংস দেব এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসাসেবার উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান।
শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের উপ-পরিচালক প্রণয় কান্তি ধর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বর্ণালী দাশ, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার, শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিক প্রমুখ।
পরে সাতটি বুথে গাইনি বিশেষজ্ঞ নিবাস চন্দ্র পাল ও দীপাঞ্জলী পাল, শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিক ও বিশ্বজিৎ দেব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত রায় ও আকাশ দেব, সার্জারি বিশেষজ্ঞ পম্পী বৈদ্য এবং দন্ত বিশেষজ্ঞ পুষ্পিতা খাস্তগীর চিকিৎসাসেবা প্রদান করেন।
পরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নিবাস চন্দ্র পাল বলেন, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে আমরা এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছি।
সকাল থেকে প্রায় সাড়ে ৪০০ রোগী নিবন্ধন করে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন। পাশাপাশি সান ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। বিকেলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
একেুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

