ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে মৌলভীবাজার জেলার চারটি নির্বাচনী আসনের সকল ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এ চারটি আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা, দীর্ঘ লাইনে অপেক্ষা এবং ভোটারদের মুখে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও আশার মিশ্র প্রতিক্রিয়া। সকালে নারী, বয়স্ক ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের ভোট নিজে দেওয়ার সুযোগকে অনেকেই দেখছেন নাগরিক অধিকার ফিরে পাওয়ার আনন্দ হিসেবে।
মৌলভীবাজার শহরের বাসিন্দা ৬০ বছর বয়সী নূর মোহাম্মদ বলেন, আগের তিনবার ভোট দিতে পারিনি। এবার সুষ্ঠু ভোট হবে সেই আশায় ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে চলে আসছি।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা বিলকিছ বেগম বলেন, দীর্ঘদিন পর এইবার প্রথম শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজারে ২৩ হাজার ৭৩১টি পোস্টাল ভোটসহ জেলার মোট ভোটার রয়েছেন ১৬ লাখ ১৪ হাজার ৯৩০ জন।
এদিকে জেলার সকল আসনের সংসদ সদস্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ সেন্টারে ভোট প্রদান করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল আরোেজানান, সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।
এছাড়া বিজিবির ৩০০ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, আনসার ব্যাটালিয়নের ১২০ জন, পুলিশের মোবাইল টিমের ২১২ জন, পুলিশের ৭৪ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৫৬ সদস্যের স্ট্রাইকিং ফোর্স এবং সেনাবাহিনীর ৫০৫ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। ভোটকেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছেন পুলিশের ১ হাজার ১০৯ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ৭ হাজার ২০২ জন সদস্য। এছাড়া পুলিশের আরও ৫৬৪ জন সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটারেরা। তারা আশা করছেন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

