খাগড়াছড়ি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এক বিবৃতিতে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং ব্যক্তিগত নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা বলেন, প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যান চেয়ে আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে তিনি গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করলেও তার কোনো অগ্রগতি হয়নি।
মোস্তফা দাবি করেন, খাগড়াছড়ি জেলার ১৮৯টি ভোটকেন্দ্রের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি হারিকেন প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে এবারের নির্বাচনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

