নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার ভোরে উপজেলার পূর্বাচল নীলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট ও একটি মুদি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, খাদ্যপণ্য ও নগদ টাকাসহ অধিকাংশ মালামাল আগুনে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, “ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
অগ্নিকাণ্ডের সময় পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্য ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে।
স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ ও ক্ষতিপূরণে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

