জীবননগর উপজেলার উথলী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাটবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উথলী বাজারের কলিম উদ্দিনের গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকচালকের বুদ্ধিমত্তা ও স্থানীয়দের প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান আশপাশের ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে শ্রমিকরা গোডাউন থেকে ট্রাকে পাট উঠাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত পাটের একটি আটি বৈদ্যুতিক সাইড লাইনের তারে লেগে মেইন তারে স্পর্শ করে। এতে মুহূর্তের মধ্যে ট্রাকের ওপর থাকা পাটে আগুন ধরে যায়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। সে অবস্থায় চালক ট্রাকটি চালিয়ে ফাঁকা স্থানে নিয়ে যান। স্থানীয় ব্যবসায়ী ও সেনেরহুদা গ্রামের যুবসমাজের উদ্যোগে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও ট্রাকে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক কলিম উদ্দিন বলেন, ট্রাকে পাট লোড করার সময় দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবার প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পাটগুলো পুড়ে শেষ হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর সাড়ে ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, ইউপি সদস্য আরমান আলীসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

