ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ভোট ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,র্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা সদর থেকে মহড়া শুরু হয়ে সোনাপুর ও মাঝারদিয়া ইউনিয়নের প্রতিটি বাজার ও বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন যৌথ বাহিনীর সদস্যরা।
এসময় দুটি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ও বাজারে যৌথবাহিনী পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন। ভোট ও ভোটারের নিরাপত্তায় এসময় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে। জনমনে তৈরি হয়েছে স্বস্তি।
এসময় সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাবুলুর রহমান খান বলেন, আমি আপনাদের সেবক। ১২ তারিখে আসন্ন সংসদ নির্বাচনে যাতে ভোটারগণ নির্বিঘ্নে, নিরাপদ ভোট দিতে পারেন এবং ফিরে আসতে পারেন এই জন্য আমরা মহড়ার আয়োজন করেছি। সকল ভোটারগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। এসময় আপনাদেরকে দুটি ব্যালটপেপার দেওয়া হবে। একটিতে গণভোট হ্যা বা না ভোট দিবেন। অন্যটিতে আপনারা সংসদের জন্য প্রতিনিধি পাঠাবেন। আমরা আপনাদের পুরোপুরি আস্বস্ত করছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই যৌথভাবে আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

