কুমিল্লা মুরাদনগর উপজেলার মুক্তিযোদ্ধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার একটি সভাস্থলে আয়োজিত মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়।
মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৩ মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় আমার জন্য গর্বের। তাদের ত্যাগ ও আত্মদানেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”

সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ এএ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাষ্টার সহ ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য বৃন্দ।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখে তারা সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তাদের মতে, কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের সেই চেতনার প্রতিফলন রয়েছে।
তারা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই পারে মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই অগ্রগতির স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান মুক্তিযোদ্ধারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

