ময়মনসিংহের গৌরীপুরে বেকার যুবক ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে গৌরীপুর প্রেস ক্লাব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে ৪০টি পরিবার স্বাবলম্বী হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক জনকণ্ঠ-এর জেলা প্রতিনিধি এ কে এম উজ্জ্বল খান। আরও বক্তব্য দেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, এশিয়ান টিভির ময়মনসিংহ প্রতিনিধি মো. আলমগীর হোসাইন, চ্যানেল এস-এর ময়মনসিংহ প্রতিনিধি এহতাসামুল হক সুমন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু ও মাহফুজুল হক।
বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গৌরীপুর প্রেস ক্লাব সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

