কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের গুলিতে তিন শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায়, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষ প্রতীকের সমর্থকেরা একটি মিনিট্রাকে করে এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। গান ও স্লোগানের শব্দে সড়কের পাশে লোকজন জড়ো হলে হঠাৎ অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা জনতার দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রচারণার গাড়িটি দ্রুত সেখান থেকে সরে যায়।
গুলিতে আহত হন মোচনী গ্রামের বাচামিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১১), ১৮ মাস বয়সী শিশু নুসরাত জান্নাত রাফি, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমান (৩৭) ও মোহাম্মদ জিসান (১৩)। আহতদের মধ্যে শিশু রাফি ও আরেক শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত শিশু রাফির মা ছমিরা বেগম বলেন, তিনি মেয়েকে নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ গুলি এসে শিশুটির পিঠে লাগে। অন্যদিকে বাচামিয়া জানান, পাশেই একটি বিয়ের সাজসজ্জার কাজ করছিলেন তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার হাতে গুলি লাগে।
আহতদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নির্বাচনি প্রচারণার সময় গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

