জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ মঙ্গলবার জয়পুরহাট-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদের স্বাক্ষরিতভাবে প্রদান করা হয়। এতে বলা হয়েছে, নির্বাচনী সময়ে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে খাবারের আয়োজন করা হয়েছে, যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(ক)-এর পরিপন্থী।
সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী বাড়ির উঠানে তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্নার আয়োজন চলছিল। কমিটি ঘটনাস্থলে পৌঁছালে রান্নায় নিয়োজিত ব্যক্তিরা পালিয়ে যান। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি বিএনপি প্রার্থী মো. আব্দুল বারীর নির্বাচনী পথসভা উপলক্ষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য আয়োজন করা হয়েছিল। জব্দকৃত খাদ্য সামগ্রী পরে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
প্রার্থী মো. আব্দুল বারী শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খিচুড়ি রান্নার কোনো আয়োজন সম্পর্কে অবগত ছিলেন না এবং সম্ভবত রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, প্রার্থীকে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

