নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৭:৪০ দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কের উপর এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
তিনি বলেন, হামলার শিকার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামে। হামলার সময় তিনি ছিলেন তার চালকের আসনে। পাশে তার বন্ধু ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বসা ছিলেন।
যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
যুবদল নেতা সাদেকুর রহমান বলেন, দিনভর মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। প্রচারণা শেষে আড়াইহাজার বাজারে গাড়ির ‘টিভি মনিটর’ মেরামত করেন।
মনিটর ঠিক করে বাড়ি ফেরার পথে আড়াইহাজার থানা থেকে আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দু’জন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রানিং অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

