নির্বাচনের উত্তাপে মুখর মুকসুদপুর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছে মুকসুদপুর পৌর যুবদল। কর্মীদের প্রাণচাঞ্চল্যে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মতবিনিময় সভা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মুকসুদপুর পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন তৃণমূল থেকে শুরু করে পৌর পর্যায়ের নেতাকর্মীরা। সভাস্থলে দেখা যায় নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততা, কর্মীদের উচ্ছ্বাস এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, আমিনুর রহমান আমিন, মিলন মিয়া, হানিফ মুন্সী, আনিসুর রহমান আনিসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “তরুণ সমাজই পরিবর্তনের অগ্রদূত। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।” সভায় নির্বাচনী কৌশল, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা কর্মীদের প্রতি আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে এবং উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে।
মতবিনিময় সভা শেষে মুকসুদপুর সদর টেংরাখোলা বাজারে গণসংযোগ কার্যক্রম শুরু হয়। যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় ভোটারদের কাছে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
রাতের ব্যস্ত বাজার, মানুষের কোলাহল এবং তরুণদের স্লোগানে যেন নতুন করে প্রাণ ফিরে পায় নির্বাচনী মাঠ। মুকসুদপুর পৌর যুবদলের নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা মাঠে থেকেই ধানের শীষের পক্ষে গণজোয়ার গড়ে তুলবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

