জামালপুরের মাদারগঞ্জে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় উপজেলা আমির মাওলানা নুরুল আমিন তাদের আনুষ্ঠানিকভাবে দলের প্রতি আনুগত্য গ্রহণ করান।
পদত্যাগকারীদের মধ্যে ছিলেন জেলা সহ-সভাপতি আল আমিন মণ্ডল, মেলান্দহ উপজেলা সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা। তাদের নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা জানান, দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন, “শতাধিক নেতাকর্মী আমাদের দলে যোগদান করেছেন। আমরা তাঁদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

